আর কোনো সিনেমার গানে (প্লেব্যাক) কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের দর্শকনন্দিত সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
অরিজিৎ সিং তার পোস্টে লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি ইতি টানছি। এটি ছিল একটি অসাধারণ যাত্রা।’
অরিজিতের এমন হুট করে দেওয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার বিদায়ে প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সংগীত সমালোচকরা।