এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও হ্যাকের বিষয়ে জানিয়ে বলা হয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ের পর দুর্বৃত্তরা ওই আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াত নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে...ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি হ্যাক করেছে।’
তিনি আরও বলেন, ‘দুষ্কৃতিকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এহসানুল মাহবুব বলেন, ‘দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং এগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।