বলিউডে অভিনেত্রী হিসাবে রানী মুখার্জির সফলতা আকাশ সমান। বিভিন্ন ঘরানার সিনেমায় সফল অভিনয়ের অভিজ্ঞতা আছে তার।
২০১৪ সালে অভিনয় ক্যারিয়ারের স্বর্ণ সময়েই বলিউড প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। বিভিন্ন সময়ে ভারতের পারিবারিক জীবনে নারীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সোচ্চার হতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সেই বিষয়টিকে নিয়ে আবারও সোচ্চার হতে দেখা গেল রানীকে।
সম্প্রতি ‘মর্দানি-৩’ ছবির প্রচারে এসে, কখনও নিজের মেয়েকে নিয়ে কথা বলেছেন, কখনও আবার তার সঙ্গে আদিত্যে চোপড়ার দাম্পত্য জীবন নিয়েও মুখ খুলেছেন।
‘মর্দানি-৩’ ছবিতে কিশোরী মেয়েদের পাচার হওয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে রানীকে। এমনিতেই নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রায়ই সরব হয়েছেন রানী মুখার্জি। এবার এক সাক্ষাৎকারে রানী সাফ জানান, ‘ বাড়িতে উচু গলায় কথা বলতে পারেন কেবল মেয়েরাই। পুরুষদের কখনই গলার স্বর উচু করা উচিত নয়। কিন্তু, কেন হঠাৎ এমন মন্তব্য করেন অভিনেত্রী? তার ব্যাখ্যাও দিয়েছেন।
সেই প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, ‘ছেলেরা তাদের বাবাদের দেখেই শেখে। যদি সে দেখে যে তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করছে, চিৎকার করছে, তা হলে সে ভেবে নেবে মেয়েদের সঙ্গে এমনই আচরণ করতে হয়। পরবর্তী কালে সেও মেয়েদের সঙ্গে একই ব্যবহার করবে। তাই এক জন পুরুষের কর্তব্য, নিজের স্ত্রীর সঙ্গে সঠিক আচরণ করা। কারণ, পুত্রসন্তান সেটা দেখেই তো শিখবে। পুরুষদের শেখা উচিত, কী ভাবে এক জন নারীকে সম্মান দিতে হয়।’