আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘সিদ্ধান্ত’। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। এতে অভিনয় করেছেন- মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, তাবেদার ই রসুল চান্নু, এথেনা অধিকারী, জান্নাত-ই ফেরদৌসী তারা, কবির টুটুল, আরাফাত, আয়েশা, মৌসুমী ইকবাল, মাসুদ ও ইসমাইল হোসেন।
নাটকের গল্পে দেখা যাবে বাহান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী আবু রায়হানের ছেলে আব্দুল মান্নান। আব্দুল মান্নানের দুই ছেলে আব্দুল হান্নান ও আব্দুর রহমান এবং মেয়ে রীমা রায়হান। হান্নান উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে সেখানেই স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকে। এদিকে রহমান দেশে বিশ^বিদ্যালয়ের শিক্ষকতা করেন। সুইডিশ নাগরিক এলিনা ব্রিটিশ ভারত বিভক্তি ও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিষয়ে থিসিসের কাজে রহমানের সাহায্য চায়। এলিনাকে সাহায্য করতে গিয়ে তাদের পরস্পরের ভালো লেগে যায়। হান্নান স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে দেশে বেড়াতে আসে। কিন্তু হান্নানের ছেলে-মেয়েরা বিকৃত বাংলায় কথা বলে এবং বাংলা ভাষার প্রতি অনীহা দেখায়।
ভাষা আন্দোলকারী একজনের পরবর্তী প্রজন্মের বাংলা ভাষার প্রতি অনাগ্রহ ও অবহেলা তার দাদা আব্দুল মান্নানকে মানসিকভাবে কষ্ট দেয়। এ কষ্ট লাঘবের জন্য তিনি নাতি-নাতনিদেরকে বাংলা ভাষার জন্য মানুষের আত্মউৎসর্গ এবং মাতৃভাষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। বাবার উপদেশে হান্নানের বোধদয় হয়। তখন সে স্ত্রী-সন্তানসহ সুইডেনে ফিরে যাওয়া স্থগিত রাখে। এদিকে এলিনা থিসিস শেষে দেশে ফিরে যাওয়ার আগে রহমানের সঙ্গে দেখা করতে তাদের বাসায় আসে। বিদেশি মেয়ের বাংলা ভাষার প্রতি প্রগাঢ় ভালোবাসা ও শ্রদ্ধা দেখে রহমানের পরিবারের সবাই মুগ্ধ হয়। এলিনা জানায়, সে বাংলা ভাষার উপর আরো লেখাপড়া করতে চায় ও বাংলাদেশে থেকে যেতে চায়। এভাবেই এগিয়ে যায় নাটকর কাহিনী।