বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ২৬তম অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৭৫ নিয়ে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’।
বাতাসের মান ‘সহনীয়’ হওয়ায় সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি নেই। তবে হাঁপানি, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ও বয়স্কদের মতো অতি সংবেদনশীল মানুষের জন্য সামান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। এরপর ১৫৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় রয়েছে দ্বিতীয় অবস্থানে ও তৃতীয় অবস্থানে সৌদি আরবের রিয়াদের স্কোর ১৩৪।
এএকিউআই অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন—এই পাঁচটি প্রধান দূষকের মাত্রা বিবেচনা করা হয়।
ঢাকার বায়ু দূষণ দীর্ঘদিনের সমস্যা। সাধারণত শীতকালে নগরীর বায়ুর মানের অবনতি ঘটে এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।