সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এ ছাড়া দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সপ্তাহের মাঝামাঝি সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।