চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে দেওয়া ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল ৮টা থেকে পরের ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতে আরও জানানো হয় হয়, ভারি থেকে অতিভারি বৃষ্টির কারণে এসব বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।