পৌষের শেষের দিকে এসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। টানা ৬ দিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার রেকর্ড হয়েছে। একই সঙ্গে তাপমাত্রা মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহে উঠানামা করছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে সকাল ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াচ্ছে না। এতে পাহাড়ি হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি এবং আজ (বুধবার) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে।