সংসদীয় বিশেষ কমিটির সভাপতি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান সরকার তামাকের ব্যাপারে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। রাজস্বের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নারী, শিশু ও তরুণদের তথা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন জয়নুল আবেদীন।
সভায় জানানো হয়, বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সের মানুষের মধ্যে তামাক ব্যবহারের হার ৩৫.৩% (বিবিএস, ২০১৭), যা দক্ষিণ এশীয়ায় সর্বোচ্চ। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে বছরে তামাকজনিত রোগে মৃত্যু হয় প্রায় দুই লাখ মানুষের, যা দৈনিক গড়ে প্রায় ৫৪৬ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছর তামাক খাত থেকে রাজস্ব আয় হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। অন্যদিকে তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যু, অন্যান্য স্বাস্থ্য ক্ষতি ও পরিবেশের ক্ষতি হয়েছে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা।
অর্থাৎ প্রাপ্ত রাজস্বের চেয়ে ক্ষতি দ্বিগুনেরও বেশি। সুতরাং তামাকের ব্যবহার ও তামাক পণ্যের ব্যবসা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতি, কোনোকিছুর জন্যই লাভজনক নয়।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ আনা গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ হল: পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের সমান ক্ষতিকর বিধায় পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষার জন্য পাবলিক প্লেস এবং গণপরিবহণে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা। তরুণদের ধূমপানে আকৃষ্ট করা বন্ধ করার জন্য বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শন নিষিদ্ধ করা এবং প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি ও ডিজিটাল মিডিয়াসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সবরকম বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা। এ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধূলার স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা ও তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে সচিত্র স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন করা।