খাবারে হাঁটছে তেলাপোকা!
রাজধানীর অন্যতম শীর্ষ অভিজাত পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এর খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি হোটেলটির ‘চিটচ্যাট’ ক্যাফের সাজিয়ে রাখা খাবারে তেলাপোকা হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যাফেতে বিক্রির জন্য সাজিয়ে রাখা ‘চিকেন গারলিক সসেজ রোল’-এর ওপর দিয়ে একটি তেলাপোকা ঘুরছে। সাধারণ ক্যাফের তুলনায় কয়েকগুণ বেশি দামে খাবার বিক্রি করা এই পাঁচতারকা হোটেলের এমন দৃশ্য দেখে হতবাক সাধারণ মানুষ।
অভিযোগকারী ক্রেতা বলছেন, উচ্চমূল্যের বিনিময়ে যে ন্যূনতম স্বাস্থ্যবিধি পাওয়ার কথা ছিল, রেডিসন ব্লু তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এত দামী একটি হোটেলে যদি খাবারের নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এটি কেবল অবহেলা নয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রেডিসনের মতো বিশ্বখ্যাত চেইন হোটেলগুলো কেন বারবার ব্যর্থ হচ্ছে? ভোক্তাদের দাবি, শুধুমাত্র চাকচিক্য দিয়ে নয়, বরং খাবারের গুণগত মান ও হাইজিন মেইনটেইন করার মাধ্যমেই আস্থার জায়গা তৈরি করা উচিত।
ইতোমধ্যেই এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সচেতন নাগরিকরা এ ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বলছেন, নামী ব্র্যান্ডের আড়ালে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।