হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
এতে বিবাদীদেরকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে বলা হয়, আদালতের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে, যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ থাকবে। পাশাপাশি টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি ও প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া কেন সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং তদন্তের ফলাফল আদালতের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।
রিট আবেদনে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। বিবাদীদেরকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে যেন তারা অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ করে এবং টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করে।
চলমান প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলা এবং জীবনের জন্য আসন্ন ঝুঁকি সৃষ্টি করেছে—এ মর্মে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।
লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেন, কিছুদিন ধরে হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুবরণসহ অসুস্থ হয়ে পড়ে আছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি নোটিশে আরও উল্লেখ করেন, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।