জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিন দুপুর ১২টার দিকে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রায়ে তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদকে প্রধান আসামি হিসেবে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন তিনি।