ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেন আদালত।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।