বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ও অযৌক্তিক সার্ভিস চার্জকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ ছাড়া এমএফএস খাতে সার্ভিস চার্জের নিয়ন্ত্রণ, গ্রাহকদের অধিকার ও স্বার্থ সুরক্ষা এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যৌক্তিক সার্ভিস চার্জ নির্ধারণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব জনস্বার্থে এ বিষয়ে রিট আবেদনটি করেন। রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।
রুলে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তাদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।