নতুন রূপে ফিরতে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু। তবে সেই স্বপ্নযাত্রার মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। স্টেডিয়ামের চলমান সংস্কারকাজে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নির্মাণশ্রমিক।
শনিবার এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত শ্রমিকের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ক্লাবের দেওয়া তথ্যে জানা যায়, নিহত শ্রমিকের বয়স ছিল ৫৪ বছর।
কাতালান পুলিশের তথ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০২৩ সাল থেকে ক্যাম্প ন্যুকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুত গতিতে সংস্কারকাজ চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। কাজ চলাকালে নিজেদের মাঠ ছেড়ে অন্য ভেন্যুতে খেলতে হলেও পরে সীমিত দর্শক নিয়ে আবারও ক্যাম্প ন্যুতে ফিরেছিল কাতালান ক্লাবটি।
আগামী ২৩ আগস্ট এলচের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এরপর ২৭ আগস্ট অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে সমর্থকদের সামনে নামার কথা রয়েছে।
সংস্কার শেষ হলে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার দর্শক। তবে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা এই স্টেডিয়ামে আপাতত সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।