প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানার কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আসামি কাশেমকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।