ঋতু বদল মানেই শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, দৈনন্দিন অভ্যাসেরও পরিবর্তন। ক্যালেন্ডারে ফেব্রুয়ারি অর্থাৎ শীত শেষের পথে। সকালের রোদে আর সোয়েটারের দরকার পড়ছে না, সন্ধ্যার ঠান্ডাও আগের মতো কাবু করে না। এখন সময় আবার নতুন করে অভ্যাস বদলে সব সাজানোর। সময়টা ঘরের আলমারি নতুন করে সাজানোর, শীতের ভারী পোশাক গুছিয়ে রেখে হালকা পোশাক সামনে আনার। কিন্তু তাড়াহুড়া করে গুছাতে গিয়ে অনেকেই পোশাক নষ্ট করে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, শীতের পোশাক সংরক্ষণে একটু পরিকল্পনা থাকলে পরের বছর একই পোশাক নতুনের মতো ব্যবহার করা যায়।
ধোয়া ছাড়া গুছানো নয়
শীতের পোশাক দীর্ঘদিন ব্যবহার করায় তাতে ধুলা ও দাগ থেকে যায়। পরিষ্কার না করে সংরক্ষণ করলে এসব দাগ স্থায়ী হয়ে যেতে পারে বা পোকার আক্রমণ বাড়তে পারে। তাই গুছানোর আগে সব সোয়েটার, জ্যাকেট ও শাল ধুয়ে বা ড্রাই ক্লিন করে নেওয়াই নিরাপদ।
রোদ আর বাতাসের গুরুত্ব
ধোয়ার পর পোশাক ভালোভাবে শুকানো জরুরি। হালকা রোদে ও খোলা বাতাসে শুকালে ভেতরের আর্দ্রতা দূর হয়। আধা-ভেজা পোশাক গুছিয়ে রাখলে অনেক সময় ফাঙ্গাস ও দুর্গন্ধ তৈরি হতে পারে, এতে পোশাক নষ্ট হতে পারে, যা পরের মৌসুমে অস্বস্তির কারণ হয়।
ভাঁজ না হ্যাঙ্গার
ভারী সোয়েটার বা উলের পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে আকার নষ্ট হয়। এগুলো ভাঁজ করে রাখাই ভালো। অন্যদিকে কোট বা ব্লেজার কাঠের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শেপ ঠিক থাকে। এক্ষেত্রে ব্লেজার বা কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে এরপর প্যাকেজিং করে রাখা যেতে পারে। এতে ধূলাবালি পড়ে না আর কাপড় ঝকঝকে থাকে। বাতাস চলাচল করতে পারে এমন কটন ব্যাগ বা কাপড়ের কভার পোশাক সংরক্ষণের জন্য উপযোগী।
জায়গা বাঁচানোর কৌশল
যাদের আলমারিতে জায়গা কম, তারা ভ্যাকুয়াম ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে কম জায়গায় তুলনামূলক বেশি পোশাক রাখা যায়। তবে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করলে মাঝে মাঝে ব্যাগ খুলে কিছুক্ষণ রোদে শুকিয়ে আবার আলমারিতে তুলে রাখা উচিত, এতে কাপড়গুলো ভালো থাকবে। এ ছাড়া দূর্গন্ধ ও কাপড় স্যাঁতস্যাঁতে হওয়ার আশঙ্কাও কমে যায়।
নতুন ঋতুর প্রস্তুতি
ঋতু বদল মানে দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন। শীতের পরই গরমকাল। আর গরমকাল মানেই সূতি কাপড়ে আরাম খোঁজা। শীতের পোশাক গুছিয়ে রাখার সময়ই হালকা কটন বা লিনেন পোশাক সামনে এনে রাখলে প্রতিদিনের পোশাক নির্বাচন সহজ হয়। এতে যেমন আলমারি গুছানো থাকে, তেমনি সময়ও বাঁচে। তাই একটু সচেতনভাবে শীতের পোশাক গুছিয়ে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকবে, আর পরের শীতে আলমারি খুলে পোশাক বের করতে গিয়ে আর আফসোস করতে হবে না