ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দেবিদ্বার আসনে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতেই হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। ফলাফল বিবরণী দেখে হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত ও বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসীম উদ্দিন।
আসনটির মোট ১১৬টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী এক লাখ ৯৫ হাজার ৩১৯ জন ও তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।