স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা, সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের স্বচ্ছতা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই তিনটি ইস্যু একসঙ্গে সামনে এনে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ রূপরেখা ও টাইমলাইন ঘোষণা না করলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ। কিন্তু কোন ধাপে কখন নির্বাচন হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হলে জনগণের মধ্যে আস্থা তৈরি হবে ও রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।’
নির্বাচনের দাবির পাশাপাশি সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়েও প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ‘সাম্প্রতিক প্রজ্ঞাপনে প্রশাসকদের মেয়াদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। যেকোনো যুক্তিভিত্তিক সরকারি নিয়োগে সময়সীমা উল্লেখ থাকা উচিত। অন্যথায় তা জবাবদিহির ঘাটতির ইঙ্গিত দেয়।’
মেয়াদ নির্ধারণ না থাকলে নির্বাচনের পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রবণতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে এনসিপি দাবি করে, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের নামে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানি এবং হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের পদক্ষেপকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা। অপরাধ দমনে নির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা উচিত, নির্বিচারে অভিযান চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা নয়।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এনসিপি জানায়, অযৌক্তিক কারণে রাস্তা অবরোধ সমর্থনযোগ্য নয়, তবে যৌক্তিক দাবিতে আন্দোলন ও মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। নাগরিকের কথা বলার অধিকার কোনোভাবেই খর্ব করা উচিত নয়।