ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪ ও রাজশাহী-১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। বিচারপতি জাকির হোসেন সোমবার (২ মার্চ) এই চার আসনের বিএনপি প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলা করা বিএনপির চার প্রার্থী হলেন, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে সাতটি ও জামায়াতের পক্ষ থেকে তিনটি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। এর আগে ৯টি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে ৯ জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছেন। এর মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।