ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনকে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ ইস্যু করা হয়েছে। কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
কারচুপির অভিযোগের মামলা শুনানির জন্য গ্রহণ করে রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আমিনুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন নির্ধারণ করেছেন আদালত।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আবেদনে ভোট পুনর্গণনা চেয়েছেন। এ ছাড়া গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থীরা আবেদন করেন।
চার প্রার্থী হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তারা সবাই বিএনপির প্রার্থী।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।