আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। একই দিনে ট্রাইব্যুনালে দুইজন প্রসিকিউটর বা কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
সাইমুম তালুকদারের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদাসম্পন্ন মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ পত্র গ্রহণপূর্বক তাকে উক্ত পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।’
একই দিনে, আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া দুই প্রসিকিউটর বা কৌঁসুলি হলেন নাটোরের মার্জিনা রায়হান (মদিনা) ও কুমিল্লার মোহাম্মদ জহিরুল আমিন।
এর আগে, চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন মো. সাইমুম রেজা তালুকদার। পরে চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠান।
পদত্যাগের সাইমুম রেজা তালুকদার বলেন, ‘আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেওয়া। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’