ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। ইসরায়েলের চিকিৎসা সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
সোমবার দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা এমডিএ জানায়, শার্পনেলের আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছিলেন। পরে তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন।
এর প্রতিক্রিয়ায় তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।