রাশিয়া থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই সময়ের মধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলেও জানান তিনি।
শনিবার বিকেলে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ায় শ্রমজীবী মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ তবে ভবিষ্যতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
আসন্ন ঈদযাত্রায় জ্বালানি সরবরাহে কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তবে সরকার চায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী না হোক। যুদ্ধ দীর্ঘ হলে সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও তিনি জানান।