বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদের দ্বিতীয় তলার সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে আকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন ২১ মার্চ শনিবার থেকে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ১ শাওয়াল ১৪৪৭ হিজরি, শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবে এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে, সে হিসেব অনুযায়ী শুক্রবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে।
এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে।