পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দেওয়া ঈদ শুভেচ্ছা বার্তায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে এসেছে। এই উৎসব ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ বয়ে আনবে।
এ সময় মন্ত্রী সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান। একই সাথে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন ও সবার জন্য নিরাপদ এবং আনন্দঘন ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।