ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত বাংলাদেশী মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সরকারিভাবে বিধি মোতাবেক নিহত ব্যক্তির পরিবার যা প্রাপ্য হবে আমরা তা প্রদান করবো। সেই সাথে নিহত মোশারফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে।’
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহতের পরিবারকে দাফনের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার সব সময় প্রবাসীদের পাশে ছিল, প্রবাসীদের পাশে আছে এবং ভবিষ্যতেও সব সময় প্রবাসীদের পাশে থাকবে জানিয়ে আরিফুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় প্রবাসীদের পাশে রয়েছে ও প্রবাসীদের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবে তাদেরকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
নিহত মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার সৌদি এয়ারলাইনসের ফ্লাইট যোগে ঢাকা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১:৪৫ মিনিটে পৌঁছে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তার বাবার নাম সূরজত আলী।
এ সময় বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিমানবন্দরে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলেট কল্যাণ) দেওয়ান আলী আশরাফসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।