প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অফিসে করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এদিন সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে যান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।
আতিকুর রহমান রুমন আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী; বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনের কর্মসূচীর শুরুতে ছিল আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ। সকালে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।