ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। বুধবার (২৫ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া একই সময় রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।