মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর শেরে বাংলা নগরে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ ও সব বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন বিরোধীদলীয় নেতারা। এর পরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।