মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে বৃহস্পতিবার (২৬ মার্চ) এ শুভেচ্ছা জানায় দেশটি।
পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আকাঙ্ক্ষাও রাখে পাকিস্তান।’
এদিকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় বুধবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ‘ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আপনাকে ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তিটিকে রূপদান করে।’
তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে দুইদেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনমুখী উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা সীমান্তের উভয় পাশে নাগরিকদের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।’
ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
চিঠির শেষে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।