বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মূলত, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করে।
তিনি বগুড়া-২ আসনের তিনবারের সাবেক এমপি এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এই নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি এর তথ্য গোপন, স্থানান্তর-রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।