পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাশেমের একটি সম্পুরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই।’ তার এই বক্তব্যের পর সংসদ কক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হট্টগোলের শব্দ শোনা যায়। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুরোধে সংসদের পরিবেশ শান্ত হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেন একাধিক উৎস থেকে জ্বালানি সরবরাহ করতে পারি, সেজন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসেছেন। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সব উৎস থেকে আমরা জ্বালানি আনতে পারি, সেগুলোর বিষয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ সরকারের অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, যা আমাদের মিশনগুলো পূঙ্খানুপুঙ্খভাবে করে যাচ্ছে। দুর্ভাগ্যবশত যে পাঁচজন বাংলাদেশি সংঘাতে মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে দুইজনের মৃতদেহ আমরা সফলভাবে দেশে আনতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ইরানের তেহরান থেকে চার্টার্ড বিমানে করে আমরা দেশে ফেরত এনেছি। বাংলাদেশের নাগরিকেরা পৃথিবীর যেখানেই আছে, নিরাপদে আছে কি না সেটাই সরকারের একমাত্র অগ্রাধিকার।’