সংসদ এলাকায় পানির সমস্যা খুব বেশি বলে মন্তব্য করেছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘আমরা গত ২-৩ দিন ধরে ঘোলা পানি পাচ্ছি। এই পানি পান করার কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। আমরা সরকারকে এই ঘোলা পানির সমস্যার সমাধানের জন্য বলব।’
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি জানান, সংসদ এলাকায় দৈনিক এক কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে সংকট ঘনীভূত হচ্ছে।
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেয়া জানিয়ে চিফ হুইপ বলেন, ‘প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।’
সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন। লাশবাহী ফ্রিজিং গাড়ি চাই।’
সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যেন কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’