প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার (৬ এপ্রিল) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতের সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন। এরপর বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তাদের আলোচনার বিষয়ে জানান।
হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি আলোচনায় এসেছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা। তার মতে, পারস্পরিক সুসম্পর্ক থাকলে অনেক জটিল সমস্যারও সমাধান সম্ভব।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্ক প্রসঙ্গে বলেন, সেই ধরণের সম্পর্ক আর ফিরে আসবে না এবং তার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমান্ত হত্যা সহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেখানে গুরুত্ব পাবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।