আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যাবে না, জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব
সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার অর্থহীন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।” মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে শহীদ ও নিখোঁজ পরিবার-আয়োজিত সংগঠন ‘মায়ের ডাক’-এর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক পরিবর্তনের সুযোগে অনেকেই মন্ত্রী হয়েছেন, বড় ব্যবসায়ী হয়েছেন, বড় পদে গেছেন। কিন্তু যারা শহীদ হয়েছেন, যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের কেউ মনে রাখেনি। এই শহীদ পরিবারের দিকে রাষ্ট্র কোনো নজর দেয়নি। সরকার শিশুদের ভবিষ্যৎ কিংবা শহীদ পরিবার পুনর্বাসনের জন্য খুব একটা কিছু করেনি।” তিনি বলেন, “সরকার এখনো সময় থাকতে থাকতেই এই পরিবারগুলোর কল্যাণে উদ্যোগ নিতে পারে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা অগ্রাধিকার ভিত্তিতে শহীদ ও নিখোঁজ পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় আনবো।”
গুম কমিশন ও নিখোঁজ সদস্যদের প্রসঙ্গ
অনুষ্ঠানে গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের বিষয়েও মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, “যারা গুম হয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে পারব কি না জানি না। তবে তাঁদের পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ রয়েছে। কিছু না করলে আমরা সবাই দায়ী থাকবো।” তিনি জানান, গঠিত গুম কমিশন ইতোমধ্যে প্রতিবেদন দাখিল করেছে, তবে নিখোঁজদের সন্ধান বা উদ্ধার প্রসঙ্গে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।