আগামী ২৭ এপ্রিল সরকারি সফরে যশোরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর শিডিউল আছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এ দিকে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রী যশোর আসবেন এটি নিশ্চিত হয়েছে। সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উলাশী খাল ও ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন।
১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।