সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।
অন্যদিকে সহকারি আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে ২৫৪ কিলোমিটার দূরে ভারতের উত্তর-পূর্ব দিকে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের মাত্রা ও উৎপত্তিস্থলের অগভীর গভীরতার কারণে আশপাশের এলাকায় এটি স্পষ্টভাবে টের পাওয়া যায় বলে জানিয়েছেন ভূকম্পনবিদরা।