ঢাকা থেকে দুই দিনের সফরে লালমনিরহাটে আসার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন।
তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে জন্য তাকে ঢাকায় নিতে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সফরসূচি অনুযায়ী মন্ত্রী সকালে ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুরে পৌঁছান। সেখানে নামার পরই তিনি অসুস্থ বোধ করেন।
অন্যদিকে লালমনিহাট জেলা বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন তিনি সুস্থ আছেন। চেকআপের জন্য ঢাকায় রওনা হচ্ছেন। সেই সঙ্গে সবাইকে বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ জানায় তারা।