তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষকদের অবদানকে সম্মান জানিয়ে সরকার এবারের নববর্ষ ও আগামী একটি বছরকে দেশের কৃষি নির্ভর অর্থনীতির জন্য উৎসর্গ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ জন্ম নিয়েছে হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, এই বাংলা সন মূলত বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ দিনটি টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে উদযাপন করেছেন, যা কৃষি ও কৃষকের প্রতি সরকারের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি, স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত দর্শক-শ্রোতাদের নববর্ষের শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেন, ‘আজকের এই বৈশাখ সর্বজনীনভাবে কোটি প্রাণে ছড়িয়ে পড়েছে। আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।