যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে দেশটির সরকার। ইরান রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, প্রাথমিক ও আনুমানিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বা ১৮৯ বিলিয়ন পাউন্ড।
তিনি জানান, ইরানি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ভবন ধ্বংসের ক্ষতি ও শিল্পকারখানা বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির হিসাব।
ফাতেমেহ মোহাজেরানি আরও জানান, গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিও জানানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।