পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল। তিনি বলেন, অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।
সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে দুই দিনব্যাপী আয়োজিত জানুয়ারি-মার্চ ২০২৬ সময়কালের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব বলে আইজিপি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত উদ্যোগে তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে ও জনগণের প্রশংসা পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিআইডি দেশের অপরাধ তদন্ত ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করছে। সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আইনি সক্ষমতা বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।’
তদন্তের গতি ও গুণগত মান বাড়াতে ও সময়মতো মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত প্রতিক্রিয়ার জন্য রেসপন্স টিম প্রস্তুত রাখা এবং মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপরও জোর দেন আইজিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সম্মেলনে বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, চ্যালেঞ্জ ও পরিকল্পনা উপস্থাপন করেছে এবং সে অনুযায়ী বাস্তবসম্মত ফলোআপ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সুনাম নষ্ট হওয়া গ্রহণযোগ্য নয়।’