জ্বালানি সংকট
জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।
চিফ হুইপ বলেন, ‘সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দল মিলিতভাবে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজির বিরল।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে সংসদে গত ২৩ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমিটিতে সরকারি দলের পাঁচ সদস্য হলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম শান্ত ও শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বিরোধী দলের পাঁচ সদস্য হলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন, ঢাকা-১৬ আসনের আবদুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নূরুল ইসলাম, এনসিপির কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।