পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার ঝামেলা কমাতে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কয়েক হাজার মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং এ সংখ্যা ধীরে ধীরে লাখ থেকে কোটি পর্যায়ে উন্নীত করা হবে।’
তিনি জানান, রান্নার সময় জ্বালানির অভাব, বিশেষ করে লাকড়ি বা গ্যাস, মা-বোনদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার ‘এলপিজি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব অসচ্ছল মা ফ্যামিলি কার্ড পাবেন, তারাই পর্যায়ক্রমে এলপিজি কার্ডের আওতায় আসবেন।
‘এলপিজি কার্ড’ কী?
এলপিজি কার্ড হলো একটি বিশেষ সুবিধাভিত্তিক কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস পাবেন। এর লক্ষ্য হলো জ্বালানি সংগ্রহে নারীদের শারীরিক ও আর্থিক কষ্ট কমানো।
কারা পাবেন এই সুবিধা?
সরকারি ঘোষণা অনুযায়ী, এ কার্ডের মূল লক্ষ্য দেশের নারী সমাজ। গ্রামীণ নারী যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন তারা যেমন এই কার্ডের অগ্রাধিকারপ্রাপ্ত হবেন, তেমনিভাবে শহরের নারী যারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন তারাও এই কার্ড পাবেন।
সম্ভাব্য সুবিধা
যদিও এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা এখনও প্রণয়নাধীন, তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই কার্ডের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা দেওয়া হতে পারে, বাজারদরের তুলনায় কম দামে গ্যাস কেনার সুযোগ থাকবে এবং নির্ধারিত ডিলার বা পয়েন্ট থেকে কার্ড দেখিয়ে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।