লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি উল্লেখ করা হয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
এছাড়া, এই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগও প্রকাশ করছে এবং সবাইকে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানায়।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়।
এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।