ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশনকে ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় যান চলাচলে সুবিধার্থে টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। যেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
এদিকে, রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।