ঈদুল আজহা উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে শনিবার (২৩ মে) সদস্যদের কল্যাণ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্যও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮ হাজার ৩৬৫ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের মসলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়; বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা আরও বেগবান করা হবে। এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।