পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে আজ (রোববার) বিক্রি করা হবে আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
অনলাইনে টিকিট কেনার পদ্ধতি
প্রথমে বাংলাদেশ রেলওয়ের (https://eticket.railway.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে ওয়েবসাইটের ওপরের দিকে রেজিস্ট্রেশন ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগইন হয়ে যাবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।
লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।
ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।
ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।