স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে।
ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে মঙ্গলবার (২৬ মে) সকালে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে কেন্দ্রীয় মনিটরিং সেলকে আরও শক্তিশালী করা হয়েছে। ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত দেশের মহাসড়ক, পশুর হাট, যমুন-পদ্মা সেতুসহ সব এক্সপ্রেসওয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। পর্যাপ্ত জনবল মোতায়েনের পাশাপাশি যেসব স্থানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা কম হয়েছে। যেসব দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির ফল। নওগাঁয় লোহার রডবাহী ট্রাকে ছাদে যাত্রী বহনের ঘটনায় দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাড়া বাঁচাতে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করায় দুর্ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় নিরাপদ যাতায়াতে জনগণকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, অনুমোদনহীন কোনো হাট বসতে দেওয়া হবে না। সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা একটি অবৈধ পশুর হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ তৈরির অপচেষ্টা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বিপুল অস্ত্র উদ্ধার ও দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় পুলিশ অ্যাকাডেমি, র্যাব অ্যাকাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স, কারাগারসহ সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসীদের ঔদ্ধত্য কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
যমুনা সেতুর টোল প্লাজায় উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ যানজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থায়ী সমাধানে ডিজিটাল অটোমেশন চালুর জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে। গাড়িতে কার্ডভিত্তিক স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি চালু এবং ব্যবহারকারীদের জন্য প্রণোদনার বিষয়ও বিবেচনায় রয়েছে।
সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। সাংবাদিকদের কাছে সুনির্দিষ্ট তথ্য আহ্বান করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, গত তিন মাসে সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। মাদক চক্র ও হামলাকারীদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।