ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে অন্তত ১৬ প্রাণ। তাদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধু নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ বাসে ঢাকায় ফিরছিলেন। নিহতদের মধ্যে ১০ জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), একই উপজেলার গোলাগ্রামের মাহাবুব শেখের ছেলে সোয়াইব শেখ ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আবদুল খালেকের মেয়ে খাদিজা খাতুন।
পুলিশ সুপার জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলে দুই আরোহী ও বাসের দুই যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ৬ বছরের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী ও নড়াইলে আটজন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।
পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মো. ফয়সাল হাওলাদার (১৬) ও তামিম মাতুব্বর (১৬)।
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন। নিহত দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের চান মিয়া (১৯)।
ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার আল ইমরান শরীফ (২৮)। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুণ সাব্বির গাজী (১৮) যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া গ্রামের আরিফা খাতুন (৪)।
এ ছাড়া মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে। ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের বাসটির সামনের দিকে (ইঞ্জিন কভার) বসে ছিলেন তিনি। সীমানা নামক স্থানে এসে চালক হঠাৎ ব্রেক কষলে এই দুর্ঘটনা ঘটে।